কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৬ মার্চ, ২০০৯

অসমাপ্ত ছবি অথবা হিংস্র-পালক

জলসূত্রি মেঘের ডানায় চড়ে স্বপ্নগুলো ক্রমশঃ নিসর্গের ভেতরে ঢুকে পড়ে;
ক্যানভাসে আঁকা অসমাপ্ত ছবি...................................................

সারাদিন টেলিফোনের তারে আর গলির মোড়ের
গাছের ডালে হুটোপুটি করা ফিঙে,শালিকগুলো
অস্তাচলে--- কেমন বাসায় ফেরে
কেমন তাদের নীড়
কতটুকু স্বপ্ন-তৃণে বুনে রাখে সেই ঘরগুলো ;
কোনদিন দেখা হয়নি।এমনি
হাজার অজ্ঞানতা নিয়ে একটি সম্পূর্ণ জীবন কেটে যায়।
প্রতিদিন চশমার পাওয়ার বাড়ে আরো
অজানা-অসম্পূর্ণতার সন্তাপগুলো
প্রকট অজগরের মতো জড়িয়ে ধরে
কান পাতলেই অস্থি-ভাঙ্গনের চূর চূর আর্তনাদ।

আমাদের আকাশে আর পায়রা উড়েনা
মেঘের আড়াল থেকে আচমকা এক ঝাঁক শকুন নেমে আসে
আস্তাকুড়-সন্ধানী;
আমাদের সবুজ ক্ষেতে হিংস্র-পালক উড়ে
অসময়ে ঝরে পড়ে আধ-পাকা ধান।

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০০৯

যেভাবে ঘন্টাগুলো বাজে

এই যে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতরে অনুপ্রবিষ্ট আত্মাগুলো
আমার সমস্ত সমৃদ্ধি আর সম্পন্নতাটুকু তাদের কাছে ঋণী।

দ্বেষণার কেন্নো-কেঁচো আগলে রেখেছে পা
ঘিনঘিনে কেঁচো-নৃত্যে হাস্যকর তাল-লয়;
তোমার নুপুরের ভাঁজে এক পাল কৃমি-কীট
নেচে যাও, নাচলে পয়সা মিলে--নিদেন হাততালি।

তুমি কি জানো আমিওযে খুব কলা-কুশীলব
নাচের প্রতিটি মুদ্রা আমার আয়ত্ত?

ডিং ডং ডিং ডং
যেভাবে সন্ধ্যারতিতে গীর্জার ঘন্টাগুলো বেজে ওঠে
তেমনি আমার ভেতরেও বেজে ওঠে এক সতর্ক নিনাদ
আড়মোড়া ভাঙ্গে অগ্নিমান ক্রোধের দানব
তোমার উদগ্র লুব্ধতাটুকু নিমেষেই ভস্ম করে দিতে পারে;
কঠিন নিগড়ে বন্ধী করে রাখি।

তুমি আমার যোগে নেই।বিয়োগেও না।

তোমার উঠোন আর আমার দুয়ারে সহস্র যোজন ফাঁক।