মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০০৯

গোলকধাঁধার বাড়ী

করতলে একটি কুয়াশা-মাখা ভোর ছিল
আঙ্গুলের ফাঁকে কখন যে ঝরে গেছে বুঝতে পারিনি।



কষ্ট পাই
বর্ণাঢ্য-জলসায় অচেনা মুখের ভীড়ে একা হয়ে গেলে
ক্রমশঃ কুঁকড়ে যাই নিজের ভেতরে।

হারতে চাইনা।বারবার হেরে যাই।
নিজের প্রলম্বিত ছায়াটুকু ক্রমাগত নিজেকে অতিক্রম করে যায়।
কষ্ট পাই।

বিস্মরণের আজন্ম-স্বভাবে ঠিকানা-বিভ্রাট;
এ গলি ও গলি খুঁজতে খুঁজতে
তোমার গলির একদম পাশ দিয়েই
আনমনে এক ভুল বাড়ীতে ঢুকে যাই

সে এক ঐন্দ্রজালিক বাড়ী
গোলকধাঁধা.......................................

রবিবার, ৩০ আগস্ট, ২০০৯

মাত্র একটি শব্দ উচ্চারণের হের ফের

তেমন করে যাওয়া হয়না।
কোন সীমাহীনেই তো হারিয়ে যেতে চেয়েছিলাম------------------------------
গন্তব্যবিহীন এক ট্রেনের হুইসেল যখন বেজে ওঠে,
বলি--একটু থামো।ভেবে দেখি আর আমার নেবার মতো কিছু বাকী আছে কিনা।

নিতান্ত প্রকৃতির খেয়ালে বেড়ে ওঠা অশ্বত্থ--কতদূর তার শিকড় ছড়ায়
কেমন রাশি রাশি নেমে আসা ঝুরি-জটাগুলো ঘিরে রাখে তার সমস্ত অবয়ব!

এওতো সত্যি--সম্পর্কগুলো কুরুশ-কাঁটার বুননে নকশী-ফুলের মতো
মনে করো --অনবধানে শেষ গিঁট খুলে গেছে
তখন আর কোথায় নকশা
কোথায়ইবা মনোলোভা কারুকাজ!
তবু কি তার মাহাত্ম্য!
দ্রৌপদীর অন্তহীন আঁচলের মতন--কেবলই দীর্ঘ থেকে দীর্ঘতর, দীর্ঘতম........................

কোন পথে গেছে অমৃত-উদ্যান
কোনটি অতলান্ত-অন্ধকার টানেলের পথ

মাত্র একটি শব্দ-উচ্চারণের হেরফের বদলে দেয় আমূল জীবন;
মাত্র একটি------হ্যাঁ
অথবা----------না।

মঙ্গলবার, ৪ আগস্ট, ২০০৯

কেউ ডেকে ডেকে ফিরে যায়

কেবল ঘুমের ভেতরেই সুখে থাকি
কেবল ঘুমের ভেতরেই স্বপ্নের নির্ঝরিণী..............



মাঝরাতের বেহালার ছড়ে ডেকে ডেকে ফিরে গেছে কেউ
ঘুম ভাঙ্গা ছায়া ছায়া ভোরে কোন পদচিহ্ন ছিলনা
বাতাসের মীড়ে ছিলনা কোন বিষাদের রেণু
সুরের নোনাজল মিশে গেছে ভোরের শিশিরের মাঝে;
এভাবেই রাতের সমস্ত স্মৃতি মুছে ফেলে প্রভাতের আলো।

এক চিলতে বারান্দায়
পরিত্যক্ত পাউরুটি কিংবা কর্নফ্লেকসের টুকরোগুলো ছড়িয়ে দিলে
ক'টি ক্ষুধার্ত চড়ুই কেমন ব্যগ্র উল্লাসে খুটে খুটে নেয় খাদ্যকণাটুকু;
'ভালবাসা 'কি তেমনি কোন খাদ্যবস্তুর নাম-----
কেউ ব্যাকুল আনন্দে লুফে নেবে বলে
কেউ করুণাবশতঃ ছুড়ে দেবে?

কেউ উদাসীনতার ঘোমটায় মুখ ঢেকে রাখে
কেউ ডেকে ডেকে ফিরে যায়।

শনিবার, ১ আগস্ট, ২০০৯

সময় মত যাওয়া হয়না



--কত বড় হতে চাও?
--আমার হাতগুলো এমন দীর্ঘ হবে --কীনব্রীজের রেলিং‌‌য়েরফাঁকে বাড়িয়ে দিয়ে ঘুরিয়ে দেবো আলী আমজদের ঘড়ির কাঁটাগুলো।

--পারবেনা।মানুষ এত বড় হয়না।শরীর-কাঠামোর নির্দিষ্ট সীমা আছে।

অতএবঃ

স্বপ্নের দুরন্ত-ঘোড়াটির টগবগ টগবগ গতি রুদ্ধ হয়।
আকাঙ্ক্ষার পালকগুলো একে একে এভাবেই খসে পড়ে----
এভাবেই শুরু---

ইচ্ছে-পথের মোড়ে মোড়ে রোড-ব্লক;
দ্বিধা-দ্বন্ধ-উদাসীনতার দরোজার কড়া নাড়তে নাড়তে
হাতটাই নিঃসাড়---------সহজে কপাট খোলেনা।
এতোটা সরল নয় লক্ষণ-রেখার গন্ডী পার হওয়া।
কেবল পথিক জানে পায়ের নীচে ফোসকার দাগগুলো কতোটা গভীর।

যাই।
বড়ো দেরী করে যাই
কোথাও যাওয়া হয়না--ঠিকঠাক সময় মতন।

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০০৯

তুমি নও চাঁদনি-রাতের সেই বাঁশরিয়া

নদীর ভিতরে আগুন ছিল--ভেবেছি সূর্যের প্রতিবিম্ব।
স্রোতের বুকে আগুন জ্বেলে এভাবেই নদীগুলো বয়ে যাক।


ফ্লুরোসেন্ট-আভিজাত্যে যে তুমি---সে অন্য আরেকজন।


চাঁদের বৃষ্টিতে চুল খুলে দিলে খসে পড়েছিল তার খোঁপার গোলাপ;
কে তুলে নিয়েছিল--জ্যোৎস্নার ফুলের মতন?
বাঁশিতে উঠেছিল বেজে মগ্নতার ধুন
মহুয়া আর মাদলের ঘোরে মত্ত সাঁওতাল-রমনীর কাঁকালের মতো
সে ও বেজে উঠেছিল।

হায়! সেই চাঁদ-রাত!

রাত বাড়ে--
হিস্‌ হিস্‌ --যেন অবিকল সাপের জমজ শব্দে শ্যাম্পেনের ছিপি খুলে যায়
ক্রমশঃ নীল হতে থাকে ফেনা ওঠা তরল পানীয়

রাত জেগে থাকে সোনালী গরলের ভিতর।

তুমি জেগে থাকো-------------------------------------

সোমবার, ৬ জুলাই, ২০০৯

বিগত জন্মের পরিচয়

আমি তো ছুটে চলি জন্ম থেকে জন্মান্তরে
নিশ্চিত জানি কোন প্রাচীন পুঁথিতে গাঁথা আছে
আমার পূর্ব-জন্মের জীবনালেখ।

বিগত জন্মের পরিচয় খুঁজে ফিরি
প্রচ্ছন্ন-ছায়ার আড়ালে চলে যায় ধোয়াসা-অবয়বগুলো।

অহল্যার মূক-পাষাণে কি রাখা ছিল কোন এক জন্মের ঋণ?
কার পাপে শাপ দিয়েছিল অবার্চীন গৌতম ঋষি?

মনে পড়ে
তীব্র জলের ঘ্রাণে ছুটে আসা শরবিদ্ধ কস্তুরী-হরিণের চোখের আকুতি;
সে কোন জন্ম?কবেকার কথা?

যতিহীন জীবন
যখন যেমন তেমনি করেই কেটে যায়।
তবু--
চকিত-ঝলকে উন্মনা করে
বিগত কোন এক জন্মের দীর্ঘশ্বাস
আচমকা ছায়ার আড়ালে ঢাকা এক অবয়ব ভেসে ওঠে।

সোমবার, ২৯ জুন, ২০০৯

পারদ উঠে যাওয়া একটি আয়না

তুমি বলছো ওটা একটা আয়না।হ্যাঁ ছিল।
ঘর্ষণে ঘর্ষণে এখানে ওখানে পারদগুলো উঠে গেছে।
এখন------না আয়না না কাঁচ।
সামনে দাঁড়াও---ভাঙ্গাচোরা টুকরো খন্ড খন্ড ছবিগুলো
বলে--'বাকীটা কোথায় হারালে?পুরো তুমি নেই।'
ধীরে ধীরে সমস্ত পারদ উঠে গেলে
নিরেট এক টুকরো কাঁচের এপাশ ওপাশ বলে কিছুই থাকেনা।

এলো মেলো বাতাসের পাকে উদাসী ঘুড়ির মতো ছেড়ে দেওয়া সময়
কোন ছাড় দেয়নি;
কোথাও তোমার অপেক্ষায় থমকে যায়নি তার নির্ধারিত কাঁটাগুলো।

বোকা মাছ !
জলের গভীরে না গিয়ে চড়ে বসেছিল ঢেঊয়ের চূড়ায়
জোয়ারের টানে কেমন ডাঙ্গায় উঠে এলো!
কিছুতেই ছাড় দেয়নি ধীবর-হাতের মুঠোময়-উল্লাস।
মার্জারের চোখের লালসা ঘুরে রসুইয়ের আনাচে-কানাচে।

তরঙ্গ কখনো কাঁদে মাছের মরণে?
অবয়ব ধরেনা পারদবিহীন একখন্ড কাঁচ।